জাতীয় ডেস্ক :
পঞ্চগড়ের বোদা উপজেলায় মরিয়ম বেগম (২৫) নামে এক গৃহবধূকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে স্বামী আনিছুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ এপ্রিল) রাতে বোদা উপজেলার তেপুকুরিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেন।
এর আগে গৃহবধূর বাবা কিনার উদ্দিন বাদী হয়ে আনিছুর রহমানকে প্রধান আসামি করে ছয়জনের নামে বোদা থানায় মামলা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘শুক্রবার মরিয়মের বাবা বাদী হয়ে আনিছুরকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আমরা অভিযান পরিচালনা করে প্রধান আসামি আনিছুরকে গ্রেফতার করেছি। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ৫ মার্চ তেপুকুরিয়া গ্রামের মছির উদ্দীনের ছেলে আনিছুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তেপুকুরিয়া হাজীপাড়া গ্রামের কিনার উদ্দীনের মেয়ে মরিয়মের। পেশায় দর্জি হওয়ায় মেয়ের সুখে জন্য আনিছুরকে ব্যবসার জন্য শ্বশুর এক লাখ টাকা দেন।
বিয়ের ছয় মাস পর থেকে অন্য আসামি মছির উদ্দীন (৬৫), লাইলী আক্তার (৩০), আনারুল ইসলাম, আশরাফুল ইসলাম (৩০), আব্দুল লতিফ (৬০) আনিছুরকে হুকুম ও কুপরামর্শ দিয়ে যৌতুকের জন্য আরও এক লাখ টাকা দাবি করেন। এর মাঝে বিভিন্নভাবে মরিয়মকে যৌতুকের জন্য নির্যাতন করা হতো। মরিয়ম টাকা দিতে অস্বীকৃতি জানান।
গত ২০ এপ্রিল মরিয়মকে ইফতারের জন্য দোকানে নিয়ে যান আনিছুর। ইফতার করার কিছু সময় পর মরিয়ম অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে বাবা কিনার উদ্দীন হাসপাতালে ছুটে গেলে মেয়ে বাবাকে সব খুলে বলেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থান বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে মরিয়ম মারা যান।
