বিনোদন ডেস্ক :
‘কেজিএফ-২’ নিয়ে ভক্তদের উন্মাদনা যেন থামছেই না। একের পর এক রেকর্ড করে যাচ্ছে সিনেমাটি, আয়ের দিক থেকেও বেশ এগিয়ে এ সিনেমা। তবে সবার মনে প্রশ্ন–কেমন পারিশ্রমিক পেল এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই?
১৪ এপ্রিল মুক্তি পেয়েছে বহুল কাঙ্ক্ষিত সিনেমা ‘কেজিএফ-২’। ২০১৮ সালে এ সিনেমার প্রথম পর্ব কেজিএফ-১ মুক্তি পেয়েছিল। এ সিনেমার সাফল্যের পর থেকেই এর দ্বিতীয় পর্ব মুক্তির অপেক্ষায় দিন গুনছিল দর্শকরা। তারই ধারাবাহিকতায় মুক্তির পর থেকেই ভারতজুড়ে তুমুল সাড়া ফেলে দিয়েছে এই সিনেমা। ভেঙে চলেছে একের পর এক রেকর্ডও। নির্মাতা প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে দেখা গেছে দক্ষিণ ভারতীয় অভিনেতা যশকে। তবে সবার মনে প্রশ্ন–এত আয় করা একটি সিনেমায় যারা কাজ করেছেন, তারা কত টাকা পেয়েছেন?
এ সিনেমার প্রধান চরিত্র রকি ভাইরূপে অভিনয় করেছেন যশ। জানা গেছে, ‘কেজিএফ-২’-এ অভিনয় করে তিনি পারিশ্রমিক পেয়েছেন ২৫-২৭ কোটি টাকা। আর তার স্ত্রী ‘রিনা দেশাই’র চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শ্রীনিধি এই ছবির জন্য প্রায় ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
অন্যদিকে কন্নড় এই সিনেমায় দক্ষিণ ভারতীয় তারকাদের ভিড়ে দুটি প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বলিউডের দুই তারকাকে। ছিলেন সঞ্জয় দত্ত ও রাবিনা টেন্ডন। সঞ্জয় এই সিনেমা করতে ৯-১১ কোটি টাকা নিয়েছেন বলেই শোনা গিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী ‘রামিকা সেন’-এর ভূমিকায় অভিনয়ের জন্য প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলিউডের একসময়ের সামনের সারির নায়িকা রাবিনা।
বেশির ভাগ দক্ষিণ ভারতীয় সিনেমায় খলনায়কের চরিত্রে যাকে সবসময় দেখা যায় তিনি প্রকাশ রাজ। তাকে এ সিনেমায় দেখা গেছে ‘বিজেন্দর ইঙ্গালাগি’ নামে এক চরিত্রে। এ সিনেমায় তার মুখেই শোনা গিয়েছে রকি ভাইয়ের উত্থানপতনের কাহিনি। আর এ ভূমিকায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন প্রায় ৮৫ লাখ টাকা।
এ সিনেমার যার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সবার আগ্রহ ছিল, তিনি হলেন পরিচালক প্রশান্ত। এই গল্পের লেখকও তিনি নিজেই। জানা গেছে, প্রশান্ত এ সিনেমাটি করতে প্রযোজকদের থেকে ১৫-২০ কোটি টাকা নিয়েছেন।
সূত্র: আনন্দবাজার
