হোম জাতীয় ৯০০ টাকার টিকিট ১৩০০, লাখ টাকা জরিমানা

জাতীয় ডেস্ক :

ঈদ উপলক্ষ্যে বাস ভাড়া নিয়ে চলছে চরম নৈরাজ্য। চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে ১৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া রাখছে কাউন্টারগুলো। এ ছাড়া অনেক কাউন্টারে নেই ভাড়ার মূল্যতালিকাও।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (২০ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে শ্যামলী ও হানিফ পরিবহনকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদফতর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, চট্টগ্রাম থেকে বগুড়ার ভাড়া ৯০০ টাকা। কিন্তু নেওয়া হচ্ছে ১৩শ’ টাকা। বেনাপোল-কুষ্টিয়াসহ বেশিরভাগ রুটেই ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। এ বিষয়ে কাউন্টারগুলো সদুত্তর দিতে না পারায় হানিফ পরিবহনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, বিআরটিসির নিয়ম অনুযায়ী ভাড়ার মূল্যতালিকা কাউন্টারে প্রদর্শন করার কথা থাকলেও অধিকাংশ কাউন্টারে তা ছিল না। কিছু কাউন্টারে আবার এমন জায়গায় তালিকা রাখা হয়েছে যা যাত্রীদের চোখে পড়বে না। এ ক্ষেত্রে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া আরও কিছু বাস কাউন্টারে মূল্যতালিকা ঠিক জায়গায় না রাখায় তাদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান ফয়েজ উল্যাহ।

গত ১৫ এপ্রিল থেকে ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ২৬ এপ্রিল ও ১ মের টিকিটের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন