জাতীয় ডেস্ক :
রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তার আনুমানিক বয়স ৩৫ বছর। শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে নগরীর বড়কুঠি এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ পুলিশের রাজশাহী মহানগর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, অজ্ঞাতপরিচয় এই ব্যক্তির ৫ থেকে ৬ দিন আগে মৃত্যু হয়েছে। লাশ দূর থেকে পানিতে ভেসে এসেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। লাশের শরীরে জখম আছে। তা দেখে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। নিহত ব্যক্তির পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, ভেতরে সাদা স্যান্ডো গেঞ্জি এবং কালো রঙের প্যান্ট ছিল। মুখে আছে দাঁড়ি।
ওবায়দুল হক আরও জানান, স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এখন নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে নগরীর মতিহার থানায় একটি মামলা হবে।
