হোম জাতীয় অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির আহ্বান দুদক চেয়ারম্যানের

জাতীয় ডেস্ক :

সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা স্বাধীনতা এক দিনে অর্জন করিনি। নির্যাতিত বাঙালির মুক্তির দাবিতে জাতির পিতা বঙ্গবন্ধু আজীবন আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। বঙ্গবন্ধুর মহান ও বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলন, সংগ্রামের ফসল আমাদের এ মহান স্বাধীনতা।’

দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের দুই কমিশনার, দুদক সচিব মো. মাহবুব হোসেন, সব অনুবিভাগের মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালকরা। এ ছাড়াও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন দুদক বিভাগীয় ও সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপপরিচালক রফিকুল ইসলাম। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল। ১৯৬৬ সালের ছয় দফার মধ্যেই মূলত মহান স্বাধীনতার দাবি নিহিত ছিল। এই ছয় দফার মূল দাবিগুলো সত্তরের নির্বাচনী ইশতেহারেও ছিল, যার ম্যান্ডেট নির্বাচনের ফলে প্রতিফলিত হয়। তারই ধারাবাহিকতায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আন্দোলনের চূড়ান্ত রূপ নেয়। আমরা স্বাধীন জাতি হিসেবে আজ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি এবং উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হতে পেরেছি।’

মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘আমরা স্বাধীন হয়েছি। এখন আমাদের দেশের মানুষের সব ধরনের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির সংগ্রামে শামিল হতে হবে। আমরা যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাইনি তাদের জন্য এটাই মুক্তিযুদ্ধ। তাদের এ অর্থনৈতিক অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা ও উল্লেখযোগ্য অবদান রাখতে হবে। তবেই আমাদের এ স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ডাক সার্থক হবে।’

তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশ থেকে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার পরিকল্পনা নিয়ে জাতি এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে দুদকের সবাইকে নিজ নিজ ক্ষেত্রে কাজ করতে হবে। রাষ্ট্র আমাদের দুর্নীতি দমনে কাজ করার ম্যান্ডেট দিয়েছে। এটিই যেন আমরা স্বাধীনতার চেতনা নিয়ে করি; প্রজ্ঞা, সততা ও নিষ্ঠার সঙ্গে যেন আমাদের দায়িত্ব পালন করি; দেশকে দুর্নীতিমুক্ত করতে দুদক যেন যথাযথ ভূমিকা রাখতে পারে, সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে।’

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন