বাণিজ্য ডেস্ক :
শুধু টিসিবির ট্রাকের সামনে নয়, নিম্ন আয়ের মানুষ লাইন ধরছেন ওএমএসের ট্রাকের সামনেও। কম দামে পাচ্ছেন চাল ও আটা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে পাচ্ছেন না কাঙ্ক্ষিত পণ্য।
শুধু তেল-চিনি নয়, বাজারে দাম বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের। ৫০ টাকার নিচে মেলে না চাল। আটার দামও ৪০-এর ঘরে। বাজার দামের তেজে টিকতে না পারা নিম্ন আয়ের মানুষ লাইন ধরেছে ওএমএসের ট্রাকের সামনে। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে এবং খোলা আটা ১৮ টাকায় মিলছে। এ ছাড়া ২৩ টাকা করে পাওয়া যাচ্ছে প্যাকেটজাত আটা।
ওএমএসের পণ্য কিনতে আসা ক্রেতারা বলেন, আসন্ন রমজানের জন্য ডাল, ছোলাও নেব। তারা অর্ধেক পণ্য দিয়ে চলে যায়। তেল আর কিনতে পারি না।
অন্যদিকে সকাল গড়িয়ে দুপুর হলেও টিসিবির ট্রাকের জন্য অপেক্ষা শেষ হয় না। ধৈর্যের বাঁধ ভেঙে শূন্যহাতে ফেরত যান অনেকে। কখন বা কোথায় টিসিবির ট্রাক আসবে, তা-ও জানেন না কেউ।
টিসিবির পণ্য নিতে এসে ভোগান্তিতে পড়া ক্রেতারা বলেন, সকালে আসি পণ্য নিতে, তবে বেলা গড়ালেও পণ্য পাই না।
প্রসঙ্গত, ঢাকার দুই সিটি করপোরেশনে ১৫০টি ট্রাকের মাধ্যমে ১১০ টাকা করে তেল, ৬০ টাকায় চিনি, ৩০ টাকা কেজিতে পেঁয়াজ ও ৬৫ টাকা দরে মসুর ডাল দেওয়া হয়। পাশাপাশি রোজার মাসের জন্য যোগ হয়েছে ছোলা ও খেজুর।
