হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে আগুনে বিধবার সবকিছু পুড়ে ছাই

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে আগুনে পুড়ে গেছে বিধবা মাজেদা বেগমের সব স্বপ্ন। মঙ্গলবার ভোর রাতে তার ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। জাতীয় হেল্প লাইন ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মাজেদা বেগম উপজেলার জোঁকা গ্রামের মৃত সমসের আলীর স্ত্রী। শোয়ার ঘর না থাকায় রান্না ঘরের এক কোনে থাকতেন তিনি। সেই আশ্রয়টুকু কেড়ে নিয়েছে আগুন।

গোয়াল ঘরের সাজাল (মশা তাড়ানোর আগুনের মশাল) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আগুন লেগে নগদ সাড়ে সাত হাজার টাকা, ৬০টি মুরগি, দু’টি হাঁস, ৫০টি ডিম, হাড়ি পাতিল, গোয়ালের একটি গরুটির দেহের অংশবিশেষ এমনকি খাবারের চাল পুড়ে গেছে তার। এতে তার ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ক’দিন আগে ৪৫ হাজার টাকা খরচ করে খুঁটি আর টিন দিয়ে রান্না ও গোয়াল ঘর করেছিলেন মাজেদা বেগম। একমাত্র ছেলে দিনমজুরি করে খায়। নিজের সংসারে অভাব থাকায় খোঁজ নিতে পারেন না মায়ের। শোয়ার ঘর না থাকায় রান্না ঘরের এক কোনায় থাকতেন মাজেদা। তিন বছর আগে স্বামী মারা যাওয়ায় মাঠে দিনমজুরি শুরু করেন মাজেদা। তাতে কোন রকম কেটে যায় তার দিন। মাঠের কাজের পাশাপাশি হাঁস-মুরগি ও গরু পালন শুরু করেন মাজেদা। মঙ্গলবার ভোরে লাগা আগুনে সব পুড়ে ছাই হয়েছে তার। আগুনে সব হারিয়ে তিনি এখন নিঃস্ব।

মাজেদা বেগম বলেন, ভোর বেলায় আগুন দেখতে পাই। সব পুড়ে গেছে। কিচ্ছু নেই,। দুপুরে খাবো সে চালও নেই ঘরে। গরুর গায়ে আগুন লাগলে দড়ি ছিঁড়ে ও পালিয়ে গেছে। গরুটা এখনো খুঁজে পাইনি।

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রণব বিশ্বাস বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। রান্না ঘরের সাজাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বিধবার সবকিছু পুড়ে গেছে।

ঝাঁপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, আগুন লেগে বিধবা মাজেদার বড় ধরনের ক্ষতি হয়েছে। স্থানীয় ভাবে ও পরিষদের মাধ্যমে আমরা তাঁকে সাহায্য করার চেষ্টা করবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন