ঝালকাঠি জেলা প্রতিনিধি :
কঞ্জন কান্তি চক্রবর্তী,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেন, অনেক দেশের মানুষ শামুক খায়, তাই শামুক সংরক্ষণ আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম। পাশাপাশি দেশীয় মাছ যাতে বিলুপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শামুক সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ঝালকাঠির জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। দেশীয় মাছ দেশীয় ধারায় নেই। এগুলো চাষাবাদে পরিণত হয়েছে। সরকার দেশীয় মাছ রক্ষায় নানা পরিকল্পনা গ্রহণ করেছে। দেশীয় প্রজাতির মাছে যে পুষ্টিগুণ, ঔষধী গুণ ও স্বাস্থ্য দিক থেকে অনেক উপকারি ছিল, সেই মাছ হারিয়ে যাচ্ছে দেখে এ প্রকল্প নেওয়া হয়েছে। জেলা মৎস্য বিভাগ এ সভার আয়োজক।
সভায় জানানো হয় ঝালকাঠিসহ দেশের ১০টি জেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ কার্যক্রম চলছে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী। প্রকল্পের ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উপ পরিচালক মো. মনিরুল ইসলাম।
