আন্তর্জাতিক ডেস্ক :
পোল্যান্ডে দ্য স্কাই সেভর নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য। সঙ্গে থাকবে ১০০ সেনা সদস্য।
ওয়ারশতে সফরকালে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালিস বৃহস্পতিবার (১৭ মার্চ) এমন দাবি করেছেন।-খবর বিবিসির
চলতি সপ্তাহের শুরুতে ইয়াভোরিভ প্রশিক্ষণ ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। পোল্যান্ডের সঙ্গে ইউক্রেনের সীমান্ত ফটকে এই প্রশিক্ষণ কেন্দ্রটি ছিল। ইউক্রেন থেকে প্রতিবেশী দেশে যেতে এই ফটকটি ব্যবহার করতেন শরণার্থীরা।
পোল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটোকে আরও শক্তিশালী করা হচ্ছে। বেন ওয়ালিস বলেন, পোল্যান্ডে মাঝারি-পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্কাই সেভর ব্যবস্থা আমরা মোতায়েন করতে যাচ্ছি। রাশিয়া কোনো আগ্রাসন চালালে তা প্রতিরোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্কাই সেভরকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্য সরকার বলছে, শব্দের গতিতে ধাবমান টেনিস বলের আকারের বস্তুকেও আঘাত করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা।
ব্রিটিশ সামরিক বাহিনীর দেওয়া তথ্যানুসারে, এতে তিনটি গুরুত্বপূর্ণ উপকরণ আছে: একটি ত্রিমাত্রিক নজরদারি রাডার, একটি যুদ্ধ ব্যবস্থাপনা ও ইন্টেলিজেন্স সুইট এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক।
এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ৯৯ কেজি ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। যা ঘণ্টায় দুই হাজার ৩০০ মাইল যেতে পারে। এটি দিয়ে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও বোমা থেকে নিজেকে রক্ষা করতে পারবে পোল্যান্ড।
