বাণিজ্য ডেস্ক :
বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউজে গত চার দিনে ইন্টারনেট সার্ভার সংযোগ না থাকায় চাহিদা মতো পণ্য খালাস নিতে পারছেন না ব্যবসায়ীরা। এতে করে তাদের লোকসান গুণতে হচ্ছে।
রোববার (১৩ মার্চ) বিকেলে সার্ভার ক্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আমদানি রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক।
এসময় তিনি জানান, গত বুধবার (৯ মার্চ) সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বেনাপোল কাস্টমসের ইন্টারনেট সংযোগ বিছিন্ন ছিল। বৃহস্পতিবার(১০ মার্চ) সারাদিনে ৩০ মিনিটের জন্য ইন্টারনেট সংযোগ হলেও, পরে আবারও ইন্টারনেট সংযোগ বিছিন্ন হয়ে যায়। পরবর্তীতে শনিবার (১২ মার্চ) সকাল থেকে পুনরায় আবারও ইন্টারনেট সংযোগ বিছিন্ন হয়ে যায়। এতে করে কাস্টমসে এন্ট্রি শাখায় প্রায় দেড় হাজার ফাইল পড়ে রয়েছে। যার কারণে ব্যবসায়ীরা চাহিদা মতো পণ্য খালাস নিতে পারছেন না।
ইন্টারনেট সংযোগের বিষয়ে বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ বলেন, গত বুধবার ইন্টারনেট (সার্ভার) সংযোগের সমস্যা দেখা দেয়। এটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রণ করে থাকে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এসময় তিনি সমস্যাটি দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন।
এদিকে পণ্য খালাসের বিষয়ে বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী জানান, প্রতিদিন বেনাপোল বন্দর থেকে বিভিন্ন ধরনের প্রায় ৬০০ ট্রাক পণ্য খালাস হয়ে থাকে। কিন্তু কাস্টমসে সার্ভার ত্রুটির কারণে পণ্য খালাসের পরিমাণ ১০০ ট্রাকে নেমে এসেছে।
