আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রোরুদনের মেয়র ইয়েভেন মাতভেয়েভকে অপহরণের অভিযোগ উঠেছে। দেশটির দক্ষিণে মেলিটোপোলের মেয়র অপহরণের পর এই অভিযোগ উঠল। খবর বিবিসির।
এদিকে মেলিটোপোলে নতুন মেয়র স্থলাভিষিক্ত করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভের অপহরণের পর শত শত বিক্ষোভকারীকে রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল। চিৎকার করে বলেছিল, ‘মেয়রকে মুক্ত দিন!’
শনিবার রাতে স্থানীয় টিভিতে সাবেক সিটি কাউন্সিল সদস্য গালিনা ড্যানিলচেঙ্কোকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
ড্যানিলচেঙ্কো বিক্ষোভকারীদের ‘চরমপন্থী’ বলে অভিহিত করেছেন এবং বাসিন্দাদের বিক্ষোভে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন।
শহরটিতে কারফিউ ঘোষণা করা হয়েছে এবং প্রতিবাদ নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, ১৮ দিন ধরে যুদ্ধ চললেও কিয়েভ দখল করতে পারেনি রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই কদিনে ১ লাখ ২৫ হাজার মানুষকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
রুশ সামরিক অভিযানের হাত থেকে বাঁচতে প্রতিদিনই ইউক্রেন ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘের তথ্য বলছে, অভিযান শুরুর পর এ পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশ পোল্যান্ড ও রোমানিয়াসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।
