বিনোদন ডেস্ক :
বিশেষ ফ্লাইটে শনিবার (১২ মার্চ) ঢাকায় এসেছেন সানি লিওন। একদিনের সফরে তার এ আগমন। ১৩ মার্চ সকাল ৯টার ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি।
ঢাকায় এসে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি শেয়ার করেছেন সানি লিওন। শনিবার (১২ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে শেয়ার করা ছবিতে এয়ারপোর্টে দেখা গেছে তাকে। ক্যাপশনে লেখা: ‘সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন: ‘বাংলাদেশ, ঢাকা, পার্টিটাইম।’
সানি লিওনের দেওয়া হ্যাশট্যাগে চোখ আটকে গেছে অনেক নেটিজেনদের। সেখানে তিনি ভুল বানান লিখেছেন। সানি লিখেছেন, ‘#bangledesh’। এর জন্য অবশ্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। কমেন্টস বক্সে তাকে ভুল ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। অভিনেতা শামীম হাসান সরকার লিখেছেন, It should be #Bangladesh not #Bangledesh.
জানা গেছে, শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সানি লিওন। VT-TRI নামের বিশেষ ফ্লাইটে ঢাকায় এসেছেন তিনি। তার সঙ্গে আর সাতজন সঙ্গী এসেছেন। ফ্লাইটটি ভারতীয় সময় দুপুর ১২টা ২৭ মিনিটে মুম্বাই থেকে রওনা করে।
সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন সানি লিওন। অনুষ্ঠান শেষে ১৩ মার্চ সকাল ৯টার ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
সানি লিওনের ঢাকায় আসার বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন তাপসের পাবলিকেশন্স ম্যানেজার ইব্রাহিম। জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ। সানি ঢাকায়। কিন্তু কেন সেটা আমি জানি না।’
তবে বিষয়টি অস্বীকার করেছেন গান বাংলা টেলিভিশনের মুখপাত্র রুদ্র হক। শনিবার বিকেলে সময় সংবাদকে অনলাইন কলে বলেন, ‘আমাদের কাছে এ রকম কোনো তথ্য নেই। আমরা এ ব্যাপারে কিছু জানি না। আমাদের সিইও’র (তাপস) সঙ্গে সানি লিওন আগে কাজ করেছেন। ছবিটি আগেরও হতে পারে। এটি ফানও হতে পারে।’
