হোম অন্যান্যসারাদেশ নলতা শরীফে খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ৩দিন ব্যাপী ওরসের আজ আখেরী মোনাজাত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, মুসলিম রেঁনেসার অগ্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী-সাধক পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ৫৮ তম বার্ষিক পবিত্র ওরস শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে ২৬ ফাল্গুন ১১ মার্চ শুক্রবার ১ম দিন অতিবাহিত হয়েছে।

ওরস শরীফ উপলক্ষে- নলতা পাক রওজা শরীফ, মাহফিল মাঠ,অফিস,খানার মাঠ, রাস্তা-ঘাট, ফুটবল মাঠের দোকানপাট, রন্ধনশালা,ভক্তবৃন্দের আবাসন ব্যবস্থা, গেট,প্যান্ডেল, সিসি ক্যামেরা, লাইটিং ব্যবস্থা করা হয়েছে। মিশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,সদস্য, স্বেচ্ছাসেবক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্কাউট, রোভার স্কাউট তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ওরছ শরীফ সফল করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী অনুষ্ঠিত ৫৮ তম বার্ষিক ওরছ শরীফের ২য় দিন ১২ মার্চ শনিবার এ দিন বাদ ফজর হতে পাক রওজা শরীফে বিভিন্ন অনুষ্ঠান এবং বিকালে নলতা পাক রওজা শরীফের মাহফিল মাঠে যে সমস্ত আলেমগণ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ওলী-আউলিয়াদের জীবনাদর্শ আলোচনা করবেন আলহাজ্জ হজরত মাওলানা মো.আব্দুর রাজ্জাক (খতিব, সোবহানবাগ জামে মসজিদ, ঢাকা), হজরত মাওলানা শায়ের মোহাম্মদ হাছানুর রহমান হোছাইন নক্সবন্ধী (পরিচালক, দক্ষিণ শ্রীপুর দরগাহ বাড়ী হাফিজিয়া মাদ্রাসা, হাজীগঞ্জ, চাঁদপুর), আলহাজ্জ হজরত মাওলানা আল্লামা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী (হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব এবং বিশিষ্ট লেখক ও গবেষক), আলহাজ্জ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান (খতিব, গুলশান-১, জামে মসজিদ, ঢাকা), আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ জিহাদী রংপুরী (খতিব, নলতা শরীফ শাহী জামে মসজিদ)।

১২ মার্চ শনিবার বেলা ১২ টা হতে ২ টা পর্যন্ত খানার মাঠ, বিভিন্ন ক্যাম্প,গেস্ট হাউস, অফিস সহ বিভিন্ন স্থানে মিশনের পক্ষ থেকে উপস্থিত প্রায় ১ লক্ষ ভক্ত সহ সকলের মাঝে রান্না তাবারুক পরিবেশনের পাশাপাশি এদিন দুপুরে পীর আম্মা ফয়জুন্নেছা মহারানী’র ৫৫ তম বার্ষিকী কুলখানির তাবারুক মহিলাদের মাঝে পরিবেশন করা হয়েছে। ১৩ মার্চ রবিবার সকাল ৯ টায় আখেরী মোনাজাত এর মধ্যদিয়ে তিন দিন ব্যাপী পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন হবে।

এছাড়া রবিবার সকাল সাড়ে ১০ টা হতে নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে জানান মিশন কর্তৃপক্ষ। উক্ত অনুষ্ঠানে সবান্ধবে উপস্থিত হওয়ার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক সকলকে অনুরোধ জানিয়েছেন।

এর আগে ২৬ ফাল্গুন ১১ মার্চ শুক্রবার বাদ ফজর হতে পাক রওজা শরীফে চাঁদর পেশ সহ বিভিন্ন অনুষ্ঠান এবং বিকাল হতে ভোর পর্যন্ত পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ওলী-আউলিয়াদের জীবনাদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। উল্লেখ্য, নলতা শরীফে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ৫৮ তম ওরছ শরীফের প্রকৃত তারিখ ছিল ২৬,২৭,২৮ মাঘ ও ৯,১০,১১ ফেব্রুয়ারি। কিন্তু মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঐ সময় বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনার আলোকে তা স্থগিত করেছিল মিশন কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন