হোম খেলাধুলা পরনে জার্সি, ভ্রমণে বাস পেলেই লড়াই করে যাবে চেলসি

খেলাধূলা ডেস্ক :

যুক্তরাজ্য কর্তৃক রাশান মালিক রোমান আব্রামোভিচকে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে সবচেয়ে কঠিন সময় পার করছে ইংলিশ ক্লাব চেলসি। এর মধ্যে আবার জার্সির পৃষ্ঠপোষকও ব্লুজদের সঙ্গে সম্পর্কচ্যুত করেছে। তার আগে ক্লাবকে পড়তে হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞার কবলে। এত কিছুর পর ও ব্লুজদের কোচ টমাস টুখেল জানান, পরার জন্য জার্সি আর ভ্রমণের বাস পেলেই লড়াই করে যাবে চেলসি।

এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নরউইচ সিটিকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে চেলসি। নরউইচের বিপক্ষে ম্যাচে চেলসির সমর্থকরা মালিক আব্রামোভিচের নামে স্লোগান দিয়েছেন।

ম্যাচ শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চেলসি কোচ ক্লাবটির বর্তমান ইস্যু নিয়ে বলেন, ‘আমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখি। এটা কখনোই বদলাবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের পরে খেলার মতো যথেষ্ট জার্সি আছে, আর খেলতে যাওয়ার জন্য একটা বাস আছে; আমরা খেলে যাব, আমরা লড়াই করব।’

এর আগে নরউইচ সিটির বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগে ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা মেনে জার্সি পৃষ্ঠপোষক ‘থ্রি’ চেলসির সঙ্গে সম্পর্কচ্যুত করে। মুঠোফোন প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্ত চেলসির জন্য বড় এক ধাক্কা। তবে ম্যাচের ঠিক আগমুহূর্তে ঘোষণাটা আসায় তখনই জার্সি বদলানোর সুযোগ পায়নি চেলসি। তাই নরউইচের বিপক্ষে চেলসির হোম জার্সিতে ‘থ্রি’ মুঠোফোনের লোগোটা ছিল। এত কিছুর পরও কোচ টুখেলের কাছে পরিস্থিতিটা ঠিক অন্য রকম লাগছে না।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘পরিস্থিতিটা অদ্ভুত ঠিকই; কিন্তু আমার নিজের কাছে তেমনটি লাগছে না। আমরা একটা নির্দিষ্ট সূচি মেনে চলি। সেই সূচি মেনেই অনুশীলন করি, ম্যাচের দিন মাঠে আসি। এ সূচিতে সবাই অভ্যস্ত এবং এটি এমন একটা জিনিস, যা আপনাকে নিরাপদ বোধ করাবে।’

এর আগে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যে নিষিদ্ধ হয়েছেন চেলসির মালিক রোমান আব্রামোভিচ। জব্দ করা হয়েছে তার সম্পদও। রুশ এই ধনকুবেরের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখার অভিযোগ আছে। যদিও আব্রামোভিচ প্রতিবারই এ বিষয়টা নাকচ করে আসছিলেন। যুক্তরাজ্য সরকার জানাচ্ছে, চেলসির মালিকের বর্তমান সম্পদ ১ লাখ ৫ হাজার ৭০০ কোটি টাকার সমান। যার পুরোটাই এখন বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে এই নিষেধাজ্ঞার কারণে তিনি ইংলিশ ক্লাব চেলসিকেও আর বিক্রি করতে পারবেন না, পারলেও সেটি অনর্থক। স্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদক মার্টিন জিয়েগলার বলেন, ‘এক শর্তে ক্লাবটা বিক্রি করতে পারবেন আব্রামোভিচ। প্রথমে পেতে হবে যুক্তরাজ্য সরকার আর প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের অনুমতি। এরপর তা বিক্রি করে একটা কানাকড়িও পাবেন না তিনি।’

আব্রামোভিচ অবশ্য আগে থেকেই নিষেধাজ্ঞার বিষয়টি আঁচ করতে পেরে ক্লাব বিক্রির ঘোষণা দিয়েছিলেন। প্রায় ১৯ বছর আগে ২০০৩ সালে আব্রামোভিচ চেলসিকে কিনেছিলেন মাত্র ১৪০ মিলিয়ন পাউন্ড খরচায়।

এদিকে মালিকানা হারিয়ে বেশ চাপের মুখে পড়েছে টমাস টুখেলের দলটি। খেলোয়াড়দের চুক্তি নবায়নের প্রক্রিয়া বন্ধ হয়েছে ক্লাবটির জন্য। এ নিষেধাজ্ঞার তালিকায় আছে জার্সি, স্যুভেনির ইত্যাদি কেনাবেচাও। চেলসি এখন আর কোনো ম্যাচ দিবসের টিকিটও বিক্রি করতে পারবে না। তবে চেলসি তাদের ক্লাবের অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তারা অংশ নিতে পারবে কারাবো কাপ ও প্রিমিয়ার লিগের ম্যাচে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন