হোম ফিচার মণিরামপুরে জোড়া খুনের মামলায় হন্তারকের ফাঁসির আদেশ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে জোড়া খুনের মামলায় হন্তারকের ফাঁসির আদেশযশোরের মণিরামপুরে জোড়া খুনের মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজুল ইসলাম উপজেলার বাটবিলা গ্রামের মোমিন সরদারের ছেলে।

বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ মোস্তফা কামাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি বিমল কুমার রায়। ২০১২ সালের ২৯ জানুয়ারি আসামি সিরাজুল ইসলাম একই গ্রামের জমির সরদারের মেয়ে শারমিন ও তার ভাইপো কবীর হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন।

এ মামলায় তিনজনকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন, সিরাজুলের স্ত্রী শিরিনা বেগম, একই গ্রামের আমিন সরদারের স্ত্রী করিমন নেছা ও মোমিন সরদারের স্ত্রী আরফা খাতুন ওরফে আরিফা।

মামলা সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার বাটবিলা মৌজার ৩৯৫ দাগের ছয় বিঘা জমি নিয়ে স্থানীয় জমির সরদারের সাথে আসামি সিরাজুলের বিরোধ চলছিল। তার জের ধরে ২০১২ সালের ২৯ জানুয়ারি সিরাজুলসহ অন্যরা একত্রিত হয়ে ওই জমিতে বেড়া দিতে থাকে। তখন জমির সরদার ও তার পরিবারের সদস্যরা বাধা দেয়। ওইসময় সিরাজুল নানা ধরনের হুমকি দিয়ে চলে যায়। কিছু সময় পর গাছি দা নিয়ে সিরাজুল এসে জমির সরদার ও তার স্ত্রী রাশিদা বেগমকে ধাওয়া করে। তখন জমির ও তার স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। তাদের ধরতে না পেরে জমিরের ১৪ বছর বয়সী মেয়ে শারমিন ও ১১ বছর বয়সী ভাইপো কবীর হোসেনকে ধাওয়া করে প্রথমে শারমিনকে ও পরে তার ভাইপো কবীরকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আসামি সিরাজুলের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। জোড়া খুনের ঘটনায় জমির সিরাজুলসহ ছয়জনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন। এসআই জামিরুল ইসলাম মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে ২০১২ সালের ৮ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন। ওই এলাকার আমিন সরদার ও মোমিন সরদারকে চার্জশিটে অব্যাহতির আবেদন করেন তিনি। বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ে আসামি সিরাজুলকে ফাঁসির আদেশ ও বাকি তিনজনকে খালাস প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন