স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে কবি, নাট্যকার ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির ৬৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবের হলরুমে তাঁর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, লেখক মুহম্মদ শফি, মধুসূদন একাডেমির পরিচালক ও মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন এবং নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান।
কবি, নাট্যকার ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি ১৯৬০ সালের ১৫ ফেব্রুয়ারি কেশবপুর উপজেলার ভোগতীনরেন্দ্রপুর (ভবানীপুর) গ্রামে জন্মগ্রহণ করেন। কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য, জীবনী, ইতিহাস ইত্যাদি মিলিয়ে মুহম্মদ শফির প্রকাশিত গ্রন্থ সত্তরের বেশি।
