আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিপিন্সে আরও কঠোর হচ্ছে কোভিড বিধিনিষেধ। কোভিড টিকা না নিয়ে বাইরে ঘোরাঘুরি করলে, গ্রেফতারের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
মাদক নিয়ন্ত্রণ ও বিভিন্ন কর্মকাণ্ডে কঠোর অবস্থানের জেরে প্রায়ই আলোচনায় থাকেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। কোভিড বিধিনিষেধ নিয়েই ফের আলোচনার জন্ম দিলেন তিনি।
করোনার দাপট রুখতে কঠোর বিধিনিষেধ আরোপ করছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে সেগুলো জরিমানার মধ্যে সীমাবদ্ধ থাকলেও ফিলিপিন্সে কোভিড বিধি ভঙ্গকারীদের গ্রেফতারের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
বর্তমান করোনা পরিস্থিতিতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, যারা করোনা টিকা না নিয়ে বাইরে বের হবে তাদের গ্রেফতার করা হবে। কোভিড বিধি মেনে ঘরে থাকারও আহ্বান জানান তিনি। যারা বিধি নিষেধ ভঙ্গ করবেন তাদের গ্রেফতারের পাশাপাশি কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের ক্ষমতা দেওয়ার কথাও জানান তিনি।
ওমিক্রন দাপটে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশের সবার স্বাস্থ্য সুরক্ষায় দায় রয়েছে উল্লেখ করে দুতার্তে বলেন, যারা দেশের আইন কানুন মানবে না তাদের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দিয়েছেন তিনি।
