হোম জাতীয় ওমিক্রন ধরন ডেল্টা-বিটার চেয়ে তিনগুণ বেশি পুনঃসংক্রমণ ঘটাতে পারে

 

জাতীয় ডেস্ক :

সারা বিশ্বে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। গেল ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ধরনটি ধরা পড়ে। ইতোমধ্যে ভাইরাসটির ধরন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা গবেষণা করেছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) প্রাথমিক এক সমীক্ষায় গবেষকরা বলেছেন, ওমিক্রন ধরন ডেল্টা ও বিটার তুলনায় তিনগুণের বেশি পুনঃসংক্রমণ ঘটাতে পারে। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা থেকে সংগৃহীত তথ্য উপাত্ত এবং প্রথম মহামারি সংক্রান্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পূর্বের সংক্রমণ থেকে ইমিউনিটি এড়াতে ওমিক্রনের সক্ষমতা যাচাই করে এই ফলাফল পাওয়া যায়।

গবেষণা প্রতিবেদন রিভিউয়ের আগে মেডিকেল সার্ভারে আপলোড করা হয়েছে। এখনও গবেষণার পর্যালোচনা সম্পন্ন হয়নি।

গবেষকরা জানিয়েছেন, গত ২৭ নভেম্বর পর্যন্ত আক্রান্ত ২৮ লাখ লোকের মধ্যে ৩৫ হাজার ৬৭০ জন পুনঃসংক্রমিত হয়েছেন। ৯০ দিনের ব্যবধানে আক্রান্ত হলে সেগুলোকে পুনরায় সংক্রমণ হিসেবে বিবেচনা করা হয়।

দক্ষিণ আফ্রিকার ডিএসআই-এনআরএফ সেন্টার অব এক্সিলেন্স ইন এপিডোমিওলজিক্যাল মডেলিং অ্যান্ড এনালাইসিস পরিচালক জুলিয়েট পুলিয়াম এক টুইটে বলেছেন, দক্ষিণ আফ্রিকায় করোনার প্রথম তিন ঢেউয়ে যারা সংক্রমিত হয়েছিলেন, তাদের অনেকের শরীরেই আবার ভাইরাসটি ধরা পড়েছে। তাদের মধ্যে বেশির ভাগই আগে ডেল্টা ধরনে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, যাদের পূর্ব সংক্রমণের ইতিহাস রয়েছে এবং ওমিক্রন সংক্রমণের তীব্রতার সঙ্গে সম্পর্কিত তাদের ডাটা জরুরিভাবে প্রয়োজন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন