নড়াইল অফিস :
নড়াইলে ছোট বোনকে হত্যার দায়ে মো. রিপন মোল্যা নামে এক ব্যক্তিকে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
রিপন মোল্যা নড়াগাতী থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিকাল তিনটার দিকে নড়াগাতি থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার মেয়ে ফাতেমা বাড়ীর পাশের নলীয়া নদীর পাড়ে কাপড় পরিষ্কার করছিলো।
এসময় রিপন মোল্যা পিছন থেকে গিয়ে ধাক্কা দিয়ে নদীর পানিতে ফেলে চুবিয়ে বাঁশের লাঠি ও ট্যাংগারী দিয়ে ফাতেমার মাথায় ও শরীরে কয়েকটি আঘাত করে হত্যা করে। পরে মরদেহ পানির নিচে কাঁদায় পুতে রাখে। আসামী রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা ঘটনাটি দেখে ফেলে। অনেক খোঁজাখুজির পরও ফাতেমাকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রাশেদের দেয়া তথ্য মতে ফাতেমার মরদেহ উদ্ধার করা সহ পুলিশ রিপন মোল্যাকে গ্রেপ্তার করে।
প্রায় তিন বছর পর আজ সোমবার রিপন মোল্যা কে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
