হোম জাতীয় হারিয়ে গেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ১৭টি নথি!

জাতীয় ডেস্ক :

খুঁজে পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ১৭টি নথি। এ কারণে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে মন্ত্রণালয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু ফাইল হারিয়ে গেছে। এ বিষয়ে একটি জিডি করা হয়েছে। সচিবালয় বন্ধ থাকায় এখনো তদন্ত শুরু হয়নি।

জানা গেছে, ফাইল হারিয়ে যাওয়ার ঘটনায় বৃহস্পতিবারই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে ‌ক্রাইম সিন ইউনিট সচিবালয়ে যান। সিআইডির কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। জিডি করার ৪৮ ঘণ্টা পরও ফাইলগুলো কে সরাল, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি মন্ত্রণালয় বা পুলিশ কোনো পক্ষই।

মন্ত্রণালয় যে জিডি করেছে তাতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর বুধবার অফিস করে নথিগুলো ফাইল কেবিনেটে রাখা হয়। পরদিন দুপুর ১২টায় কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো কেবিনেটের মধ্যে নেই। যে নথিগুলো খোয়া গেছে সেগুলোর সিংহভাগই স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজ ও বিভাগের কেনাকাটা সম্পর্কিত।

জিডিতে ১৭টি নথির নম্বর ও বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, শহীদ তাজউদ্দীন আহমদ, রাজশাহী মেডিকেল কলেজসহ অন্যান্য মেডিকেল কলেজের কেনাকাটা সংক্রান্ত একাধিক নথি, ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি, রিপোর্ট অধিদপ্তরের কেনাকাটা, ট্রেনিং স্কুলের যানবাহন বরাদ্দ ও ক্রয়-সংক্রান্ত নথি।

এর বাইরেও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক প্রকল্পের নথি খোয়া গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন