খেলাধুলা ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৯তম ম্যাচে রোববার (৩ অক্টোবর) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিকে কলকাতার একাদশে অবশেষে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এবারের আসরে এরই মধ্যে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস শেষ চারে (প্লে-অফ) উঠে গেছে। দুই দলেরই ১২ ম্যাচে ১৮ পয়েন্ট। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। তাদেরও শেষ চারে যাওয়া অনেকটাই পাকা।
এছাড়া প্লে-অফের দৌড়ে চতুর্থ দল হিসেবে কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে চলছে তুমুল লড়াই। কারণ রোববারের ম্যাচের আগে পয়েন্টের বিচারে চার দলেরই ১২ ম্যাচে পয়েন্ট ১০। যদিও নেট রানরেটের বিচারে সব চেয়ে ভাল অবস্থানে কেকেআর (+০.৩০২)। এরপর পাঞ্জাব (-০.২৩৬), রাজস্থান (-০.৩৩৭) এবং মুম্বাই (-০.৪৫৩)।
সানরাইজার্স এরই মধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও আজকের ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ কলকাতার জন্য। এ ম্যাচ হারলে অনেকটাই ভেঙে চুরমার হয়ে যাবে তাদের শেষ চারের স্বপ্ন।
তবে মাঠের লড়াইয়ে নামার আগে কেকেআরের ভাবনায় অধিনায়ক ইয়ন মরগ্যানের বাজে ফর্মও। যদিও কোচ ব্রেন্ডন ম্যাককালাম এখনো পর্যন্ত তার প্রতি আস্থা অব্যাহত রেখেছে। কারণ তিনি মনে করেন ইংলিশ এই ব্যাটার ফর্মে ফিরে আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
তবে কোচের আশ্বাসেও থামছে না সমর্থকদের তোপ। সবশেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে হারের পর কলকাতার অধিনায়কের সমালোচনায় মুখর কলকাতার সমর্থকরা। অনেকে এমনও বলছে, অধিনায়ক কোটায় দলে সুযোগ পাচ্ছে মরগ্যান।
অন্যদিকে আইপিএলের চলতি আসরে বলতে গেলে খেলার সুযোগই পাচ্ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসরের প্রথম পর্বে ভারতে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেলেও আরব আমিরাত পর্বে এখনো একাদশে জায়গা পাননি।
একের পর এক ম্যাচে মাঠের বাইরে থাকায় ক্রিকেটাঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সাকিবকে বাইরে রেখে একের পর এক নিউজিল্যান্ডের ক্রিকেটারকে সুযোগ দিচ্ছিলেন কেকেআরের কিউই কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এজন্য তাকে ঘিরেও কম সমালোচনা হচ্ছে না। প্রচণ্ড চাপে থাকা নাইট কোচ ম্যাককালাম দ্রুতই সাকিবকে একাদশে দেখা যাবে বলে আশ্বাস দিয়েছিলেন। এবার ঠিকই জায়গা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার
এদিকে কলকাতা-হায়দরাবাদ দুই দলের দেখায় কেকেআরের ১৩ জয়ের বিপরীতে হায়দরাবাদের জয় মোটে ৭ টি। শেষবারের দেখায় হায়দরাবাদকে ১০ রানে হারিয়েছিল কলকাতা।
কলকাতা নাইট রাইডার্স
শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, টিম সাউদি, নিতিশ রানা, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুনিল নারিন, সাকিব আল হাসান, শিভাম মাভি ও বরুন চক্রবর্তী।
সানরাইজার্স হায়দরাবাদ
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পাণ্ডে, জেসন রয়, প্রিয়াম গার্গ, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দ্বীপ শর্মা ও সিদ্ধার্থ কাউল।
