হোম খেলাধুলা বিশ্বকাপের মঞ্চেই নিউজিল্যান্ডকে জবাব দেবে পাকিস্তান

খেলাধুলা ডেস্ক :

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। ঘরের মাঠে অতিথিকে আতিথ্য দিতে মুখিয়ে ছিল বাবর আজমরা। কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে যায় সব আয়োজন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) প্রথম ওয়ানডে শুরুর কয়েক মিনিট আগে সফর বাতিল করে নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কার ‘জুজু’ দেখিয়ে কিউইদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিবাদে মুখর ক্রিকেটবিশ্ব।

এদিকে, কিউইদের এমন কাণ্ড ভালোভাবে যে নেননি তা স্পষ্ট করে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানানোর কথা বললেও তিনিও জানেন, এতে কাজের কাজ কিছুই হবে না। আর তাই প্রতিশোধের মঞ্চ বানাতে চান ক্রিকেট মাঠকেই। আর সেজন্যই পাক ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। ক্ষোভের জবাব বাইশ গজে দেওয়ার পরামর্শ পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটার।

এদিকে, রমিজ রাজার সুরেই সুর মেলালেন আরেক কিংবদন্তি শোয়েব আখতারও। নিউজিল্যান্ডকে যোগ জবাব দেওয়ার হুঙ্কার ছুড়লেন তিনিও। আর সেই জন্য সুনির্দিষ্ট দিনও ঠিক করে দিলেন বাবর আজমদের।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৬ অক্টোবর মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সেই ছবি টুইট করে শোয়েব লেখেন, ‘এই দিনটা মনে রেখ তোমরা। এই দিনেই নিজেদের সর্ব শক্তি দিয়ে কিউইবধ করতে হবে।’ সাবেক তারকা এই বোলার বাবর আজমদের মনে করিয়ে দিলেন মাঠেই নিউজিল্যান্ডকে উত্তর দেওয়ার কথা। বিশ্বকাপের মঞ্চে কিউইদের মনের জ্বালা মেটাতে চাইছে পাকিস্তান।

বাবর নিজেও বেশ ক্ষিপ্ত। তিনি টুইট করে লেখেন, ‘হঠাৎ সিরিজ বাতিল হয়ে যাওয়ায় আমরা হতাশ। পাকিস্তানের ক্রিকেটভক্তদের মনে হাসি নিয়ে আসত পারত এই সিরিজ। সুরক্ষা ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। পাকিস্তান জিন্দাবাদ।’

নিউজিল্যান্ডের এই সফর বাতিলের বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না গতিতারকা শোয়েব আখতার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শুরু থেকেই এ ব্যাপারে সরব শোয়েব। লিখেছেন, ‌’নিউজিল্যান্ড পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে।‌’

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কথা বলেছেন শোয়েব। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‌’গত ৪-৫ দিন ধরে ইসলামাবাদে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তারা সেখানে পূর্ণ নিরাপত্তার মধ্যেই ছিল। কিন্তু হুট করেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তারা এ সিদ্ধান্ত নিল, যা মোটেই কাম্য নয়। বিশ্বের অন্যতম নিরাপদ স্বর্গ এখন পাকিস্তান। এটা আপনাকে মানতে হবে।‌’

তিনি আরও বলেন, ‌নিউজিল্যান্ডের উচিত ছিল আমাদের গোয়েন্দা সংস্থার ওপর ভরসা রাখা এবং আমাদের এভাবে বিব্রতকর অবস্থায় না ফেলা।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের হস্তক্ষেপেও সিরিজ বাঁচানো যায়নি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নের সঙ্গে যোগাযোগ করেছিলেন ইমরান খান। এ সময় তিনি আশ্বস্ত করেন, বিশ্বের অন্যতম সেরা নিরাপত্তা আছে পাকিস্তানের, সফরকারী দলের জন্য কোনো কিছুর শঙ্কাই নেই। কিন্তু তাতে মন গলেনি নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত পাকিস্তান সফর বাতিলই করে দলটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন