হোম খেলাধুলা বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ ৪২ বছর বয়সী তাহির

খেলাধুলা ডেস্ক :

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আগামী মাসেই বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইতোমধ্যেই সব দেশ নিজেদের প্রাথমিক স্কোয়াডের ঘোষণা করে দিয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। দলে নাম না থাকায় একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ইমরান তাহির।

তাহির ছাড়াও ফাফ ডু’প্লেসি ও ক্রিস মরিসকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে প্রোটিয়া বোর্ড ম্যানেজমেন্ট। ক্রিস মরিস এখনও তিন ফরম্যাটেই খেলছেন। তবে ফাফ ডু প্লেসি ও ইমরান তাহির ক্রিকেটের অন্য দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তাদের উভয়েরই লক্ষ্য ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা।

প্রসঙ্গত, পাকিস্তানি বংশোদ্ভুত তাহিরের আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান ২০১১ সালে। প্রোটিয়া দলের জার্সিতে শুরুতে ওয়ানডে ম্যাচে খেলেন তিনি, এরপর টেস্টেও অভিষেক হয়।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পর ক্ষুব্ধ তাহির এক সাক্ষাৎকারে বলেন, দক্ষিণ আফ্রিকার দলে সুযোগ না পাওয়ায় আমি খুবই হতাশ হয়েছি। গতবছর গ্রেম স্মিথ আমায় বিশ্বকাপ খেলার জন্য অনুরোধ করেন যা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছিল। আমি তাকে বলেছিলাম, আমি দলে খেলতে আগ্রহী এবং গর্বিত আমাকে এমন সম্মান দেখানোর জন্য। তারা আমায় প্রোটিয়া খেলোয়াড়দের গ্রুপেও রাখে। তবে তারপর আর কেউ আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি।

৪২ বছর বয়সী অভিজ্ঞ লেগ স্পিনার বিশ্বের বিভিন্ন লিগে এখনও চুটিয়ে খেলে যাচ্ছেন। সেইসব লিগে তার পারফরম্যান্সও বেশ চমকপ্রদ। সেইসব পারফরম্যান্সে ভর করেই পরবর্তী বিশ্বকাপে পুনরায় প্রোটিয়া দলে ফিরে আসার স্বপ্ন দেখছেন তাহির। সেই উদ্দেশে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক পোস্টে খেলা চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তাহির।

পোস্টে তাহির লেখেন, দক্ষিণ আফ্রিকা আমায় আমার স্বপ্নপূরণ করার সুযোগ দেয় এবং এই দেশের জার্সি গায়ে মাঠে নামা বরাবর আমার কাছে সব চেয়ে গৌরবের। আমি কখনোই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করিনি। এ বছরের বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়ায় আমি খুবই হতাশ। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রতি আমি দায়বদ্ধ থাকব এবং পরের বিশ্বকাপে সুযোগ পাওয়ার লক্ষ্য নিয়ে খেলা চালিয়ে যাব।

এদিকে, ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে টেম্বা বাভুমাকে। এ ছাড়া বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে টি-টোয়েন্টি অভিষেক না হওয়া কেশভ মাহরাজকে। দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, কেশভ দুর্দান্ত একজন খেলোয়াড়। সে দলকে ভালো কিছুই এনে দিতে পারবে। আর টেম্বা বাভুমাও অনেক দক্ষ একজন অধিনায়ক। তার নেতৃত্ব সব সময় প্রশংসার দাবিদার। বিগত কয়েকটি সিরিজে সে এই ব্যাপারটি প্রমাণ করেছে।

১৫ সদস্যের বিশ্বকাপ দল : টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, বজর্ন ফর্চুইন, রেজা হেনরিকস, হেনরিচ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, উইয়ান মুলদার, লুঙ্গি এনগিদি, এনরিক নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রসি ভ্যান ডার ডুসেন।

স্ট্যান্ডবাই প্লেয়ার: জর্জ লিন্ডে, আন্দাইল ফেহলুকাওয়া, লিজাড উইলিয়ামস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন