হোম জাতীয় চমেকে এক ছাদের নিচে সব জরুরি সেবা

জাতীয় ডেস্ক :

দীর্ঘ অপেক্ষার পর যাত্রা শুরু করল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের জরুরি সেবা। এক ছাদের নিচে মিলবে সব ধরনের জরুরি সেবা।

বহুল কাঙ্ক্ষিত এ ইমারজেন্সি কেয়ার চালুর ফলে গতি আসবে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ফিতা কেটে ইমারজেন্সি কেয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, পুরোদমে চালু হলে রোগী ভর্তি, রোগনির্ণয়, চিকিৎসাসহ সব ধরনের সেবা মিলবে। ফলে সংকটাপন্ন রোগীদের নিয়ে ছুটতে হবে না ওয়ার্ডে ওয়ার্ডে। এতে রোগীদের হয়রানি ও বিড়ম্বনা বহুলাংশে কমে যাবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টা রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি থাকবেন সিনিয়র কনসালটেন্ট পর্যায়ের চিকিৎসকরাও। প্রয়োজন হলে অন কলেও রোগীদের সেবা নিশ্চিত করা হবে। প্যাথলজি, এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, পালস অক্সিমিটার এবং রক্তের জরুরি পরীক্ষা-নিরীক্ষা থাকবে। সার্বক্ষণিক সেবা দেবেন।

উদ্বোধনের পর শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সরকারি সব হাসপাতালের মধ্যে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের জরুরি সেবা। বহুল কাঙ্ক্ষিত এ ইমারজেন্সি কেয়ার চালুর ফলে এক ছাদের নিচে মিলবে সব ধরনের জরুরি সেবা। এর ফলে একজন রোগীর প্রাথমিক জরুরি সেবাসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবাটুকু এই সেন্টারে পাবে। ফলে তাকে মূল ওয়ার্ডেও যেতে হবে না অনেকাংশে। এতে হাসপাতালের অন্য ওয়ার্ডগুলোর ওপর চাপ কমবে। এই কাজে চট্টগ্রাম ক্লাবসহ এখানকার বিত্তশালীরা এগিয়ে এসেছেন।

এর আগে ২০২০ সালের ১৩ অক্টোবর থেকে পুরাতন জরুরি বিভাগ ও ক্যাজুয়ালটি ওয়ার্ড নিয়ে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার নামে আধুনিক জরুরি বিভাগ স্থাপনের কর্মযজ্ঞ শুরু হয়। ৩১ হাজার বর্গফুটের নতুন ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের থাকবে মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, পেডিয়াট্রিকস, আইসিইউ/অ্যানেসথেসিয়া এ ৬টি বিভাগের বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, চালু হওয়া এই ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের অবকাঠামোগত ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা। আর শয্যা থেকে শুরু করে সব যন্ত্রপাতি চিটাগাং ক্লাব থেকে প্রদান করা হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো মিজানুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চিটাগাং ক্লাবের চেয়ারম্যান নাদের খান, চমেকের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন