হোম আন্তর্জাতিক আফগান ভবিষ্যৎ চীনের হাতে: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক :

তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ প্রধানত চীনের ওপর নির্ভরশীল। এর আগে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনের সহায়তায় সম্মত হয়েছে চীনারা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ইতালীয় প্রকাশনা লা রিপাবলিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের জন্য মৌলিক ও অসাধারণ এক সুযোগের কথা তারা তুলে ধরেছে। তারা আফগানিস্তান পুনর্গঠন ও বিনিয়োগে প্রস্তুত।

জবিহুল্লাহ মুজাহিদ জানান, আফ্রিকা, এশিয়া ও ইউরোপের সঙ্গে বিভিন্ন বন্দর, রেলওয়ে, সড়ক ও শিল্পপার্কের মাধ্যমে চীনকে যুক্ত করতে নেওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাবে তালেবান।

৬৫টি দেশকে ঘিরে এই প্রকল্পে বিশ্বের ষাট শতাংশ মানুষ ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক তৃতীয়াংশকে যুক্ত করবে। বিশ্বজুড়ে ৯০০ প্রকল্পের জন্য ৮৯ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল নির্ধারণ করেছে চীনা উন্নয়ন ব্যাংক।

তালেবান মুখপাত্র বলেন, আফগানিস্তানে বিপুল তামার খনি রয়েছে। চীনের কল্যাণে তা কাজে লাগানো ও আধুনিকীকরণ সম্ভব। বিশ্ববাজারে চীন হচ্ছে আমাদের ছাড়পত্র।

এদিকে আফগানিস্তানে নতুন সরকারের প্রধান হতে যাচ্ছেন তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান মোল্লা আবদুল গনি বারাদার। ইসলামপন্থী গোষ্ঠীটির তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

তালেবানের প্রয়াত প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব ও শের মোহাম্মদ আব্বাস স্ট্যানেকজাই সরকারের জ্যেষ্ঠ পদে বসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আফগানিস্তানে তালেবানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করা হবে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর)। এরইমধ্যে মন্ত্রিসভার চার সদস্যের নামও ঘোষণা করেছে তালেবান। নারী অধিকার প্রতিষ্ঠা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের চাপ এবং মানবিক বিপর্যয়ের আশঙ্কার মধ্যেই ক্ষমতা গ্রহণের তিন সপ্তাহের মাথায় অবশেষে সরকার গঠন করতে যাচ্ছে গোষ্ঠীটি।

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে এখন চলছে তালেবান সরকার গঠনের সর্ব্বোচ্চ প্রস্তুতি।

সংগঠনটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনদজাদা হবেন দেশটির প্রধান নেতা। তার ডেপুটি থাকবেন তিনজন। তারা হলেন শীর্ষ নেতা মোল্লাহ আব্দুল গনি বারাদার, প্রভাবশালী হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজিুদ্দিন হাক্কানি এবং মৌলবী ইয়াকুব।

এছাড়া আগেই ঘোষিত চার মন্ত্রী হলেন, অর্থমন্ত্রী গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি।

গেল ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করে নেয়ার মধ্য দিয়ে আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। চুক্তি অনুযায়ী ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের। একই সঙ্গে আফগানিস্তানে আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় তালেবানের।

এদিকে এমন পরিস্থিতিতে, পানশিরে নিয়ন্ত্রণে নিতে তালেবান ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই হয়েছে। আর কাজের অধিকারের দাবিতে হেরাতে বিক্ষোভ করেছেন নারীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন