হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে মোবাইল ফোন ফেরত দেওয়ার জেরে খুন

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জে মোবাইল ফোন ফেরৎ দেওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে জয় (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে হারুয়া এলাকার ফিসারি লিংক রোডে এ ঘটনা ঘটে।

নিহত জয় হারুয়া মানিক ফকির গলির জয়নাল আবেদীনের ছেলে বলে জানা যায়। অভিযুক্তের নাম ফাহিম (২০)। সে একই গলির বকুল ওরফে আদম বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সোমবার ২ আগস্ট কলেজ মোড়ে ফাহিমের মোবাইল ফোন তার কাছ থেকে জয় নিয়ে যায়। পরে ফাহিম মোবাইলটি চাইলে জয় দিতে অস্বীকৃতি জানায়।

এ পরিস্থিতিতে ফাহিম জয়ের পিতা জয়নাল আবেদীনকে বিষয়টি জানায়। তখন জয়নাল আবেদীন ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে ফাহিমকে দিবেন বলে আশ্বাস দেন।

বৃহস্পতিবার বিকেলে ফাহিম তার মোবাইলটি আনতে জয়ের বাসায় গেলে জয় মোবাইলটি ফেরৎ দেয়নি। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে কলেজ- ফিসারি লিংক রোডে জয় ও ফাহিমের মধ্যে মোবাইল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফাহিম তার সাথে থাকা ছোরা দিয়ে জয়ের পেট ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা জয়কে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাত সাড়ে ৯ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মোঃ আবুবকর সিদ্দিক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন