খুলনা অফিস :
নগরীর দৌলতপুর থেকে অঙ্কিতা দে ছোঁয়া (৯), নামে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবলার বনিকপাড়ার একটি ভবনের নিচতলার বাথরুম থেকে দূর্গন্ধ বের হওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ছোঁয়া গত ২২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল।
জানা যায়, দৌলতপুরস্থ পাবলা বনিক পাড়ার বাসিন্দা সুশান্ত দে’এর মেয়ে ছোঁয়া গত ২২ জানুয়ারি দুপুর ১২টার পর থেকে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনার পর পরিবার থেকে দৌলতপুর থানায় একটি অপহরণ মামলাও করা হয়। ছোঁয়া বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী । ছোঁয়ার বাড়ির সন্নিকটে একটি ভবনের নিচতলা থেকে লাশটি উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এবং শোকের ছায়া নেমেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, এলাকাবাসী খবর দেওয়ার পর দুপুরে বনিক পাড়া মন্দিরের দক্ষিণ পাশের একটি ভবনের নিচতলার বাথরুম থেকে বস্তাবন্দী অবস্থায় ছোঁয়ার লাশ উদ্ধার করা হয়। ছোঁয়া নিখোঁজের পর পরিবার থেকে সাধারণ ডায়রী এবং পরে অপহরণ মামলা করা হয়।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার জাহাঙ্গীর এবং তার স্ত্রী রিক্তাকে আটক করা হয়। এছাড়া লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে থানায় নেওয়া হয়েছে।
s
