হোম খেলাধুলা ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’-রেফারিকে মেসি

‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’-রেফারিকে মেসি

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি যেমন মাঠের লড়াইয়ে রোমাঞ্চ ছড়িয়েছে, তেমনি মাঠের একটি ঘটনাও ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গেছে। প্রথমার্ধের খেলা চলাকালীন পর্তুগিজ রেফারি জোয়াও পেড্রো পিনহেইরোর ওপর চটে যান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। রেফারির কথা বলার ধরন পছন্দ না থাকায় সরাসরি তার মুখোমুখি হন তিনি।
ইএসপিএন আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, বিতর্কিত এই ঘটনার পর পর্তুগিজ রেফারির কাছে গিয়ে সম্মানজনক আচরণের দাবি জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। শনিবার (১২ জুলাই) ডেইলি স্পোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ঘটনাটি ঘটে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকের ঠিক আগে। তখন আর্জেন্টিনার রক্ষণ দেওয়ালে ছিলেন মেসি। নির্ধারিত দূরত্বে সরে যেতে বলেন রেফারি পিনেইরো। কিন্তু তার কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি পছন্দ হয়নি রোজারিওর এই তারকার। সঙ্গে সঙ্গেই তিনি জবাব দেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো।’

এখানেই শেষ হয়নি উত্তেজনা। ফ্রি কিক নেওয়ার পরও দুজনের মধ্যে আরেকবার কথা কাটাকাটি হতে দেখা যায় টিভি ক্যামেরায়। রেফারির কাছে আবার এগিয়ে যান মেসি। ঠোঁট পড়ে বোঝা যায়, তিনি বলছিলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। ঠিকভাবে কথা বলুন, আমিও তো আপনাকে সম্মান দিয়েই কথা বলেছি।’

তবে ঠিক কোন ঘটনার জেরে মেসি এতটা ক্ষুব্ধ হয়েছিলেন, তা স্পষ্টভাবে জানা যায়নি। যদিও ম্যাচ চলাকালীন ধারণ করা ভিডিওতে রেফারি ও মেসির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য ধরা পড়েছে। কোয়ার্টার ফাইনালের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই এই ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে কড়া ভাষায় কথা বললেও পুরো সময়টায় শান্ত ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। হাত পেছনে রেখে সংযত আচরণ বজায় রাখেন তিনি।

পর্তুগালের ভিলা নোভা দে ফামালিসাওতে জন্ম নেওয়া এই রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর বয়স ৩৮ বছর, তিনি মেসির চেয়েও ১ বছরের ছোট। ইউরোপের সম্ভাবনাময় রেফারিদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেক হয় তার। এর মাত্র এক বছর পরই পান ফিফার আন্তর্জাতিক ব্যাজ।

ইউরোপিয়ান ফুটবলে ধীরে ধীরে নিজের জায়গা করে নেন পিনেইরো। উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও ২০২৫ সালের উয়েফা সুপার কাপের মতো বড় প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেন তিনি। এসব অভিজ্ঞতাই তাকে জায়গা করে দিয়েছে ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন