নড়াইল প্রতিনিধি:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ ২৩শে এপ্রিল (বৃহস্পতিবার) সকালে নড়াইল সিভিল সার্জন অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা–কর্মচারী, নার্স এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। প্লাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে সাধারণ মানুষকে পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
র্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ। জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে উপস্থিত বক্তারা বলেন,সকল স্তরের মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া এবং পুষ্টি বৈষম্য দূর করাই এবারের মূল লক্ষ্য। একটি সুস্থ ও সবল জাতিই পারে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে। তাই শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে বিশেষ নজর দিতে হবে। ২৩ থেকে ২৯শে এপ্রিল পর্যন্ত জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুষম খাদ্যভ্যাস গড়ে তোলার বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আগামী ২৯শে এপ্রিল পর্যন্ত নড়াইলের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সেবা, পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান, লিফলেট বিতরণ এবং বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন (নড়াইল), স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা সাধারণ মানুষকে বাড়ির আশেপাশে শাক–সবজি চাষ এবং দেশীয় ফলমূল খাওয়ার মাধ্যমে পুষ্টির অভাব পূরণের পরামর্শ দেন।
