হোম জাতীয় পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন অর্থমন্ত্রী

পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন অর্থমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ

নিউজ ডেস্ক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আজ রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই উচ্চপর্যায়ের বৈঠকে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ২২ জানুয়ারি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেয়। ওই সুপারিশে সর্বনিম্ন ধাপের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপের বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

কমিশনের হিসেব অনুযায়ী, এই নতুন পে-স্কেল বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয়ের প্রয়োজন হবে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পেছনে বার্ষিক ব্যয়ের পরিমাণ প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। বিপুল এই ব্যয়ের সংস্থান এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের জন্যই আজকের এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।

উল্লেখ্য, কমিশনের প্রতিবেদন যাচাই-বাছাইয়ের জন্য গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। তবে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় এবং রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ওই কমিটি এখনও কাজ শুরু করতে পারেনি। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর আলোচনার মধ্য দিয়ে নতুন পে-স্কেল বাস্তবায়নের পরবর্তী রূপরেখা ও সময়সীমা নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে কয়েক লাখ সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধির বিষয়টি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন