হোম খুলনাযশোর সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত এমপি গাজী এনামুল হক, মনিরামপুর প্রেসক্লাবে সংবর্ধনা ও ইফতার মাহফিল

সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত এমপি গাজী এনামুল হক, মনিরামপুর প্রেসক্লাবে সংবর্ধনা ও ইফতার মাহফিল

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে নবনির্বাচিত সংসদ সদস্য ও মনিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হককে সংবর্ধনা দিয়েছে মনিরামপুর প্রেসক্লাব। সোমবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় শুভেচ্ছা, প্রত্যাশা ও অঙ্গীকারের এক মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মনিরামপুরবাসী নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে উন্নয়ন, সুশাসন ও স্থিতিশীলতার প্রত্যাশা করে। সাংবাদিক সমাজ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখবে এবং এলাকার ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগী থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খলিলুর রহমান, নায়েবে আমীর মহিউল ইসলাম, লিয়াকত আলী, সহকারী অধ্যাপক আহসান হাবিব লিটন, শামিম আক্তার, পৌর জামায়াতের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল বারী এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি শুভকামনা জানিয়ে মনিরামপুরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সংবর্ধিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক মনিরামপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা তাঁর চলার পথকে আরও দায়িত্বশীল করে তুলেছে। তিনি মনিরামপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিতভাবে কাজ করার কথা জানান। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় মনিরামপুরকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নয়নের মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষপর্বে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্বে দেশ, জাতি ও মনিরামপুরবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সংবর্ধনা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন