মোস্তফা কামাল:
নড়াইলে এক বছর বয়সী শিশুসন্তানসহ মৌসুমী খানম নামে এক গৃহবধূ গত তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হলেও তাদের কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তার স্বামী শহীদুল্লাহ শেখ।
নিখোঁজ গৃহবধূ নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের শহীদুল্লাহ শেখের স্ত্রী। তাদের একমাত্র সন্তান তাজ শেখের বয়স মাত্র এক বছর।
ভুক্তভোগী শহীদুল্লাহ শেখ জানান, একটি মামলায় তিনি যখন কারাবন্দি ছিলেন, তখন তার স্ত্রী মৌসুমী খানম ধর্ষণের শিকার হন। জামিনে মুক্তি পাওয়ার পর শহীদুল্লাহর স্ত্রী নিজেই বাদী হয়ে নড়াইল আদালতে শহীদুল্লাহর চাচাতো ভাই ইয়ামিন শেখের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযোগ রয়েছে, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ইয়ামিন শেখ ও তার সহযোগীরা পরিবারটিকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। হুমকির মুখে নিরাপত্তার অভাব বোধ করায় তারা গ্রাম ছেড়ে খুলনায় গিয়ে আত্মগোপন করেন। কিন্তু সেখান থেকেই প্রায় তিন মাস আগে হঠাৎ করে শিশুসন্তানসহ রহস্যজনকভাবে নিখোঁজ হন মৌসুমী।
শহীদুল্লাহ শেখের দাবি, স্ত্রী ও সন্তানকে খুঁজে পেতে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন। তবে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে তিনি অভিযোগ করেন। দীর্ঘদিন প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে বর্তমানে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, এ বিষয়ে শহীদুল্লাহ শেখ নামের এই ব্যাক্তি কখনো অভিযোগ দিতে থানায় আসেনি। তিনি আরো বলেন অভিযোগ দিলে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে।
“আমি আমার স্ত্রী–সন্তানকে ফিরে পেতে চাই। তাদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে আমি শঙ্কিত। আমি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।”
শহীদুল্লাহ শেখ তার নিখোঁজ পরিবারকে ফিরে পেতে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের জরুরি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
