হোম আন্তর্জাতিক তালেবানকে স্বীকৃতির বিষয়টি বিবেচনায় নেই: লাভরভ

আন্তর্জাতিক ডেস্ক :

তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি বর্তমানে বিবেচনায় নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে শনিবার (২৫ সেপ্টেম্বর) তিনি এমন দাবি করেন।

এর আগে জাতিসংঘে একজন প্রতিনিধি নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। এরপরেই লাভরভ বলেন, বর্তমানের এই সন্ধিক্ষণে তালেবানকে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি বিবেচনায় নেই।

তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি সোমবার দোহাভিত্তিক মুখপাত্র সোহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের মুখপাত্র হিসেবে মনোনীত করেন। গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় তালেবান গোষ্ঠী।

এদিকে তালেবানের উৎখাত করা আফগান সরকারের জাতিসংঘের প্রতিনিধি গুলাম ইসাকজাই তার অ্যাক্রিডেশন নবায়ন করতে অনুরোধ করেছেন। এদিকে জাতিসংঘকে দেওয়া চিঠিতে তালেবান বলেছে, ক্ষমতাচ্যুত আফগান সরকার নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে সরিয়ে দেওয়া হয়েছে।

ইসাকজাই আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না। তার জায়গায় সুহাইল শাহিনকে স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছে তালেবান। সুহাইল শাহিন তালেবানের অন্যতম মুখপাত্র।

জাতিসংঘে আফগানিস্তানের আসন পাওয়ার দাবির স্বীকৃতি দেওয়া নিয়ে কাজ করবে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ ৯ সদস্যের ক্রেডেনশিয়ালস কমিটি। চলতি বছরের শেষে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চাচ্ছে তালেবান। যা আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন ও মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে তালেবানকে বাধ্য করার সুযোগ হিসেবে দেশগুলো ব্যবহার করতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন