নিউজ ডেস্ক:
দেশের জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই আবারও বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়। নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার করা হয়েছে।
এর আগে গত ২৪ মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ ডলার করা হয়।
দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এই জ্বালানি সরবরাহ করা হয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দর থেকে। ভবিষ্যতে চালু হতে যাওয়া বিমানবন্দরগুলোতেও এই মূল্য প্রযোজ্য হবে।
