বাণিজ্য ডেস্ক :
বাজারে গরুর মাংসের কেজি যেখানে ৬৫০-৭০০ টাকা, সেখানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ১০ জায়গায় গরুর মাংস মিলবে কেজিপ্রতি ৫৫০ টাকায়।
রোববার (৩ এপ্রিল) রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদফতর চত্বরে রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস ভ্রাম্যমাণভাবে বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
রমজানের প্রথম দিন থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানী ঢাকার ১০টি স্থানে ভ্রাম্যমাণ এ বিপণন কার্যক্রম চালু থাকবে বলে জানান মন্ত্রী।
প্রাথমিকভাবে সচিবালয় সংলগ্ন আবদুল গণি রোড, খামারবাড়ি গোল চত্বর, জাপান গার্ডন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, কালশী এবং যাত্রাবাড়ীতে ভ্রাম্যমাণ বিপণনব্যবস্থা চালু করা হয়েছে।
গরুর মাংস ছাড়াও প্রতিটি ভ্রাম্যমাণ গাড়িতে প্রতি লিটার পাস্তুরিত তরল দুধ ৬০ টাকা, প্রতি কেজি খাসির মাংস ৮০০ টাকা, প্রতি কেজি ড্রেসড ব্রয়লার ২০০ টাকা এবং প্রতি হালি ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এর আগে গত বছর রমজান মাসে মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ডেইরি ও পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সুলভমূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় ব্যবস্থায় ৩৪ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার ৪৭ টাকার পণ্য বিক্রি হয়েছে। এর মাধ্যমে ৪৭ লাখ ৩১ হাজার ৩১০ জন ভোক্তা এবং ৮১ হাজার ৩৭৭ জন খামারি সরাসরি উপকৃত হয়েছেন বলে মন্ত্রী জানান।
