জাতীয় ডেস্ক :
শিরোপা নির্ধারণী কোনো ম্যাচ নয়, শ্রীলঙ্কায় মাহেন্দ্র রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টের গ্রুপ পর্বের সাধারণ একটি ম্যাচ। তবুও রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উদযাপন লাল-সবুজ বাহিনীর।
হবেই না বা কেন! এই জয়ে জামাল ভূঁইয়াদের এনে দিয়েছে বিশেষ প্রশান্তি। ২০০৩ সালের পর প্রথমবারের মতো মালদ্বীপকে হারাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
শনিবার (১৩ নভেম্বর) চার জাতি টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়েছে মারিও লেমোসের শিষ্যরা।
ম্যাচের ১২ মিনিটে জামাল ভুঁইয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৩৩ মিনিটে গোল শোধ করে মালদ্বীপ। এরপর দ্বিতীয়ার্ধে ৮৮ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দেন তপু বর্মন।
