হোম অর্থ ও বাণিজ্য ১৪ দিনে ৩ বার বাড়ল ফ্যানের দাম!

বাণিজ্য ডেস্ক :

লোডশেডিংয়ে তীব্র গরমের অজুহাতে চট্টগ্রামে সিন্ডিকেট করে কৌশলে ইলেকট্রনিকস সরঞ্জামের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে বেশি দামে চার্জার ফ্যান বিক্রি করায় দুই দোকানিকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একইসঙ্গে অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

৬ জুলাই কেনেডি ৩১২ মডেলের চার্জার ফ্যান ৩ হাজর ৮০০ টাকায় বিক্রি হয়েছে। সেই ফ্যান ১৬ জুলাই ৪ হাজার টাকায় বিক্রি করা হয়। আবার ১৯ জুলাই ফ্যানটির দাম আরও বাড়িয়ে ৪ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়। ১৪ দিনের ব্যবধানে ফ্যানটির দাম ৬০০ টাকা বাড়িয়েছে চট্টগ্রামের রাইফেল ক্লাবের পাইকারি ব্যবসায়ী লুক ইলেকট্রনিকস।

এ ফ্যানগুলো কিনেছেন খুচরা ব্যবসায়ী রাজ ইলেকট্রনিকস। যা ক্রেতা পর্যায়ে গিয়ে আরও কয়েকশ’ টাকা বাড়বে।

এসব অনিয়মের অপরাধে বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিদফতর লুক ইলেকট্রনিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

অভিযানে ভোক্তা অধিকারকে আমদানিকারক কোনো কাগজপত্র দেখাতে পারেননি। উল্টো নানা তথ্য লুকোচুরি করে দাঁড় করান নানা যুক্তি।

এর আগে বেশি দামে চার্জার ফ্যান বিক্রি করায় খুচরা ব্যবসায়ী রাজ ইলেকট্রনিকসকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন