হোম খেলাধুলা হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ

খেলাধূলা ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে গত ম্যাচেই। সামনে হাতছানি ক্যারিবীয়দের মাটিতেই স্বাগতিকদের দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করা। সে লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল। দলে পরিবর্তন রয়েছে একটি। পেসার শরিফুল ইসলামের জায়গায় এই ম্যাচে খেলছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। ২-০ তে এগিয়ে থাকা টাইগারদের সামনে সুযোগ স্বাগতিক দলকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করার। এই লক্ষ্যে তাই বাংলাদেশ নামছে প্রায় অপরিবর্তিত দল নিয়েই।

গায়ানায় শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন একটি। পেসার শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ডিপিএলে রানের বন্যা বইয়ে দেয়া এনামুল হকের ভাগ্যের শিকে ছিঁড়ল না আজও। ঘরোয়া ওয়ানডে ফরম্যাটে ভালো করে টেস্ট ও টি-টোয়েন্টিতে সুযোগ মিললেও সেই ওয়ানডে ফরম্যাটেই ব্রাত্য থাকলেন এই ডানহাতি উইকেটকিপার ব্যাটার।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলেও পরিবর্তন একটিই। কেসি কার্টিকে সুযোগ করে দিতে বাদ পড়েছেন কাইল মেয়ার্স।

শনিবার (১৬ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ। আজ জিতলেই ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাবে টাইগাররা। এ ম্যাচের আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে টাইগার দলপতি তামিম ইকবাল। এই ম্যাচে ৯১ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। আর ১০ ম্যাচ জয় পাওয়া টাইগারদের সামনে সিরিজের শেষ ম্যাচ জিতে টানা জয়ের রেকর্ডের সংখ্যা বাড়িয়ে নেয়ার হাতছানি তো আছেই।

তৃতীয় ওয়ানডের আগে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। সিরিজ জয় নিশ্চিত হওয়ায়, টিম ডিনারে অংশ নেয়া ছাড়াও ক্রিকেটাররা সেলিব্রেশন করেছেন নানাভাবে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো নির্ভার টিম বাংলাদেশ।

এর আগে সাকিবের নেতৃত্বে ২০০৯ সালে যা হয়েছিল, এবার তামিমের হাত ধরে সেই একই পথে হাঁটতে চায় টাইগার টিম ম্যানেজমেন্টও।

উইন্ডিজের ওয়ানডে দলটা অতীতেও খুব বেশি ভালো ছিল না। কিন্তু তারপরও শাই হোপ, রভম্যান পাওয়েল, ব্রেন্ডন কিং, শামার ব্রুকসদের ফর্ম চিন্তায় ফেলতে পারেনি টিম ম্যানেজমেন্টকে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে কোনোভাবেই দাঁড়াতে পারছে না তারা। কী স্পিন , কী পেস টাইগার বোলারদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে উইন্ডিজ। দুই ম্যাচে অধিনায়ক নিজেও যে আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে।

তবে আজও দুশ্চিন্তা বৃষ্টি নিয়ে। খেলায় বাগড়া দিতে পারে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বেরসিক বৃষ্টি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ব্রেন্ডান কিং, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মোতি, আলজারি জোশেফ, আকিল হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন