হোম জাতীয় সড়ক ছাড়লেন এনটিআরসিএ চাকরিপ্রত্যাশীরা

জাতীয় ডেস্ক :

রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) সনদধারী চাকরিপ্রত্যাশীরা।

বুধবার (২১ ডিসেম্বর) বেলা ৪টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। তবে সড়ক ছেড়ে গেলেও তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন।

এর আগে বুধবার সকাল সাড়ে দশটার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রওনা হন তারা। তবে শাহবাগ মোড়ে পুলিশের বাধায় সেখানেই বসে পড়েন তারা। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় পুলিশের পিটুনিতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। আহতরা হলেন- প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাব্বির শেখ, শারমিন জাহান, গুলরুখ মনি, আনজিরা খাতুন, রাজিয়া সুলতানা রথি, শরিফুল ইসলাম।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, তারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য আন্দোলন করে আসছিলেন। আজকে তারা কিছু সময় শাহবাগ অবরোধ করে রাখে। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

প্রসঙ্গত, গত ৫ জুন থেকে শাহবাগ সুফিয়া কামাল গণগ্রন্থাগারের সামনে কোটাবিহীন নীতিমালায় প্যানেলে নিয়োগের দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন করে আসছেন এনটিআরসিএ নিবন্ধিত চাকরিপ্রত্যাশীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন