জাতীয় ডেস্ক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর গোলা ছোড়ার ঘটনায় দেশটির রাষ্ট্রদূত অং কিও মোয়েকে রোববার (৪ সেপ্টেম্বর) তলব করে ঢাকা।
এ তলবে সাড়া দিয়ে মিয়ানমার রাষ্ট্রদূত ঢাকাকে জানিয়েছে, মিয়ানমার কোনো উসকানি দিচ্ছে না। সংঘর্ষের আকস্মিকতায় এ ঘটনা ঘটেছে।
মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ কথা জানান।
এসময় মন্ত্রী বলেন, রাষ্ট্রদূতকে ডেকে ঢাকা তার কঠোর অবস্থান ব্যক্ত করেছে। তাকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকায় মিয়ানমারের যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ৮-১০টি গোলা ছোড়া হয়েছে। এ সময় সীমান্তে মহড়া দেয় যুদ্ধবিমান। এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ঢাকা।
এর আগে গত ২৮ আগস্ট দুপুরে মিয়ানমার থেকে দুটি অবিস্ফোরিত মর্টারশেল এসে পড়ে ঘুমধুমের তুমব্রু সীমান্তে। তখনও মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়।
