হোম জাতীয় সিংড়ায় বিধবাকে যুবকের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জাতীয় ডেস্ক :

নাটোরের সিংড়ায় বিধবাকে লাঠিপেটার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই নারীকে লাঠিপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৭ মে) সকাল ৮টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামের মৃত দেদার হোসেনের স্ত্রী হেলেনা বেগম (৩২) শুক্রবার সকালে সেমাই কিনতে দোকানে এলে একই গ্রামের অছিমদ্দিনের ছেলে আইয়ুব আলী (৪০) ভুক্তভোগী নারীর কাছে ১০ হাজার টাকা পাবে দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি দিয়ে বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা হেলেনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।

এ ঘটনায় লাঠিপেটার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় বয়ে যায় এবং দোষীর বিচারের দাবি জানানো হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন