হোম অর্থ ও বাণিজ্য সারা দেশে চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম, খুশি ভোক্তা

বাণিজ্য ডেস্ক :

ঈদুল আজহা সামনে রেখে দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলছে কম দামে টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম। সকাল থেকেই সরকারি বিপণন সংস্থার নির্ধারিত স্থানে আসতে শুরু করে নিম্ন আয়ের মানুষ। সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে পেরে খুশি তারা।

টিসিসির বিক্রয় পয়েন্টে নিম্ন আয়ের মানুষের ভিড়। একটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য মিলছে। প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার পর্যন্ত সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি কিনছেন ভোক্তারা।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার (২৩ ‍জুন) সকালে সুহিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন। বাজারের চেয়ে কম টাকায় নিত্যপণ্য কিনতে পেরে ভোক্তারা স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, আমরা এগুলো ন্যায্যমূল্য পেয়েছি। দাম বাজারদর থেকে অনেক কম।

রাজশাহী

রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরদের সহায়তায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। নগর ও জেলার প্রায় সোয়া দুই লাখ পরিবার এ সুবিধা পাবে। এ বিষয়ে ডিলাররা বলেন, আমরা আজ থেকে শুরু করেছি। পণ্য বিক্রি কার্যক্রম ৫ দিন চলবে। আমরা সকাল ৯টা থেকে দিচ্ছি। লাইনে যতক্ষণ মানুষ থাকবে, আমরা ততক্ষণ পণ্য বিক্রি করব।

সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে আসা একজন নারী ভোক্তা বলেন, এটি পেয়ে আমরা অনেক খুশি। অল্প টাকায় আমরা পর্যাপ্ত পণ্য পাচ্ছি।

রংপুর

রংপুর মহানগরীর ৬টি পয়েন্ট ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় একাধিক স্থানে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলছে।

এদিকে বন্যার কারণে সিলেট বিভাগের জেলাগুলোতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম স্থগিত রয়েছে। এ ছাড়া মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জসহ বেশকিছু জেলায় ২৬ জুন থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। আগামী ৫ জুলাই পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন