জাতীয় ডেস্ক :
চাকরির সুপারিশের জন্য মন্ত্রী-এমপি কিংবা প্রভাবশালীদের কাছে দৌড়াতে হবে না। টাকা দেওয়া লাগবে না দালাল কিংবা অসৎ কর্মকর্তা-কর্মচারীদের।
মাত্র সাতটি ধাপ পেরোলেই মিলবে কিশোরগঞ্জ পুলিশে কনস্টেবল পদে চাকরি। সৎ, সাহসী ও আত্মবিশ্বাসী প্রার্থীরা এসব ধাপ পেরোলেই দেখা পাবেন চাকরি নামে সোনার হরিণের। আর এ জন্য খরচ হবে মাত্র ১৩০ টাকা।
নতুন নিয়মে পুলিশ ট্রেইনি কনস্টেবল পদে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে লোকবল নিয়োগ নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জের পুলিশ সুপার নিয়োগ প্রক্রিয়ার নানা দিক তুলে ধরেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিশেষ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এখন আর আগের মতো চাকরি প্রার্থীদের সরাসরি আবেদন করতে হবে না। অনলাইনে নিবন্ধনের পর প্রার্থীদের একটি ইউজার আইডি দেওয়া হবে। প্রার্থীরা আইডিতে ঢুকে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করবেন।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, গত ১০ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। সকল শর্ত পূরণ করে আবেদনপত্র দাখিলের পর প্রার্থীরা অনলাইনে পুলিশের ওয়েবসাইট থেকে দুই কপি প্রবেশপত্র ডাইনলোড করবেন।
আগামী ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলা পুলিশ লাইন্সে ধাপে ধাপে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ বাহিনীকে সুসংহত, আধুনিকায়ন ও চৌকসবাহিনী হিসেবে গড়ে তুলতে ৭টি ধাপে শারীরিক সক্ষমতা যাচাই করে ট্রেইনি কনস্টেবল নির্বাচন করা হবে।
একেকটি ধাপে নির্ধারিত সময়ে নিয়ম মেনে উত্তীর্ণরাই দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। আর সব ধাপ পেরোতে পারলেই সুযোগ পাওয়া যাবে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার।
পুরো নিয়োগ প্রক্রিয়াটি শেষ করা হবে সাতটি ধাপে। উচ্চতা, ওজন, বুকের মাপ, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক, মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে নির্বাচিতদের প্রশিক্ষণের জন্য অন্তর্ভুক্ত করা হবে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র উপযুক্ত প্রার্থীদের ট্রেইনি কনস্টেবল পদে নির্বাচন করা হয়। কিশোরগঞ্জে ৬১টি শূন্য পদে কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৯ জন নারী।
