হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার পাটকেলঘাটায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত, আহত-২

সাতক্ষীরার পাটকেলঘাটায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত, আহত-২

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা বালিগাদার মোড় সংলগ্ন এলাকায় একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা।
এদিকে, আহতরা হলেন, একই এলাকার মোঃ মামুন হোসেন ও মোতালেব হোসেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মোঃ মামুন হোসেন ও মোতালেব হোসেন গরু বোঝাই একটি ইঞ্জিনভ্যানে করে সাতক্ষীরার আবাদেরহাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন আরো দুই জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন