হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাঘুরালীতে প্রতিবেশী মনিরুল গং কর্তৃক অসহায় এক রাজমিস্ত্রীর বসতবাড়ী জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাঘুরালীতে প্রতিবেশী মনিরুল গং কর্তৃক অসহায় এক রাজ মিস্ত্রীর বসতবাড়ী জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার নলতা মাঘুরালী গ্রামের পিয়ার আলী মিস্ত্রীর পুত্র ভুক্তভোগী আব্দুস সালাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন পেশায় রাজমিস্ত্রী। আমার পিতা পিয়ার আলী ও চাচা হযরত আলী ৯৫৭ হাল দাগে ২৭ শতক জমির একক অংশীদার, যার এসএ, ডিএস ও বর্তমান জরিপে এবং প্রিন্ট পর্চায়ও আমার পিতা ও চাচার নাম উলেখ রয়েছে। এই জমিতে কোন অবস্থাতেই প্রতিবেশী মনিরুল গং-এর কোন অংশ পাওনা নেই। এই জমির উপর শত বছরের উর্দ্ধে বাড়িঘর তৈরি করে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসিতেছি।
হঠাৎ করে গত ২৩ জুন সকাল অনুমান ১০ ঘটিকার সময় আমার ভাই তার নিজ বাড়িতে অবস্থান করাকালীন সময়ে প্রতিবেশি মনিরুল, শহিদুল ও মহিদুল ইসলামসহ তাদের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী আমার ছোট ভাই সেলিম হোসেনকে আচমকা বেপরোয়াভাবে মারধর করে জখম করে। তখন আমাদের ডাক চিৎকারে স্থানয়ি এলাকাবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়।

পরে আমার ভাই সেলিমকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। এরপর ওইদিন সন্ধ্যা ৭ টার দিকে বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় মনিরুলের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন লাঠিয়াল বাহিনী নিয়ে আমার ও আমার ছোট ভাইয়ের বাড়ি ঘর-রান্নাঘর, বাথরুম, গোয়ালঘর এবং পাকা পাচিল সবই ভাংচুর করে গুড়িয়ে দেয়। ভাংচুরের কারণে বাড়ির হাঁস-মুরগীগুলো মারা যায় এবং ২টি খাসি ছাগল ধরে নিয়ে যায় তারা। পরবর্তীতে আমি ৯৯৯ নাম্বারে ফোন দিলে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে বিষয়টি নিয়ে কালিগঞ্জ থানায় আমরা একটি মামলা দায়ের করি। যার নং-২২/১৭৭, তারিখ: ২৫ জুন ২০২২। মামলা দায়েরের পর বিবাদী পক্ষ টাকার জোরে আমিসহ আমাদের ১১ জনের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় একটি মিথ্যা পাল্টা মামলা দায়ের করে। বর্তমানে মনিরুল বাহিনী আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি দিচ্ছে। এমনকি তারা প্রকাশ্যে আস্ফালন করে বলছে যদি তোরা মামলা তুলে না নিস, তাহলে তোদের দুই ভাইয়ের মাথা কেটে ফুটবল খেলবো, দেখি আমাদের কে কি করতে পারে ? বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরো বলেন, মনিরুল বাহিনী মূলত যে জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে ওই জমিতে তাদের কোন অংশ পাওনা নেই। কারণ কাগজপত্র দৃষ্টান্তে ওই জমির একক মালিকানা আমার পিতা ও চাচার। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় মনিরুল বাহিনীর হাত রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন