আন্তর্জাতিক ডেস্ক :
রিলায়েন্স জিওর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। ওই পদে তিনি তার বড় ছেলে আকাশকে দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কর্তৃপক্ষ জানায়, গত সোমবার প্রতিষ্ঠানটির এক বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আকাশ আম্বানি এত দিন ছিলেন রিলায়েন্স জিওর নন-এক্সিকিউটিভ ডিরেক্টর। রিলায়েন্স গ্রুপের ডিজিটাল বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আকাশ।
জিও ইনফোকমের প্রধান কৌশলী হিসেবে কাজ করেছেন তিনি। নেটওয়ার্ক কাঠামো তৈরি করার পাশাপাশি জিও চ্যাট, জিও টিভি, জিও সিনেমার মতো অ্যাপ্লিকেশনের অন্যতম কারিগর আকাশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ডিরেক্টর হিসেবে মুকেশ আম্বানির ইস্তফা কার্যকর হয়েছে ২৭ জুন থেকে। অন্যদিকে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ২৭ জুন থেকেই দায়িত্ব নিয়েছেন পঙ্কজ মোহন।
উল্লেখ্য, ১৯৫৭ সালের ১৯ এপ্রিল মুকেশ আম্বানি জন্মগ্রহণ করেন। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও বৃহৎ শেয়ারের মালিক।
