জাতীয় ডেস্ক :
আমরা সবসময় পরিবর্তন চাই না। কিন্তু সময়ের প্রয়োজনে পরিবর্তন করা উচিত। সেই ধারায় চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, ‘সনদধারী শিক্ষিত বেকার তৈরি না করে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। আর এজন্য আগে পাঠ্য প্রক্রিয়ায় পরিবর্তন করতে হবে।’
শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবাস বাংলাদেশ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এসময় শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, ‘আমি শিক্ষার্থীকে শুধু জ্ঞান দান করলাম, পরীক্ষা শেষ সনদ দিলাম কিন্তু সে কর্মসংস্থান করতে পারল কি না, উদ্যোক্তা হতে পারল কি না, চাকরি পেল কি না সেটির খোঁজ রাখলাম না সেটি যেন না হয়। সনদ সর্বস্ব শিক্ষা না দিয়ে তাদের কর্মমুখী শিক্ষা দিতে হবে।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মূলবক্তা হিসেব উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দীন, সংরক্ষিত আসনের সাংসদ আদিবা আনজুম মিতা, রাবি উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান উল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক। এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি শহীদ শামসুজ্জোহার মাজার ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি রাবিতে শেখ হাসিনা হলের নির্মাণ কাজ উদ্বোধন করেন।
