জাতীয় ডেস্ক :
ঠাকুরগাঁওয়ে সড়ক পীরগঞ্জ উপজেলায় মালবাহী ট্রাকচাপায় প্রাণ গেল মিলন ইসলাম নামে এক শিক্ষার্থীর। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে উপজেলার পৌর শহরের মাস্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগঞ্জ রঘুনাথপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিপড়ুয়া ছাত্র মিলন পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। এ সময় পৌর শহরের মাস্টার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই মারা যায় সে।
দুর্ঘটনা খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পীরগঞ্জ-রাণীশংকৈল প্রধান সড়ক অবরোধ করে। পরে প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় ঘাতক ট্রাকটি। তবে ট্রাকটি আটক করতে পারলেও পালিয়ে যায় ড্রাইভার ও হেলপার। নিহত মিলন মাস্টার পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনার পর এলাকায় শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
