খেলাধূলা ডেস্ক :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২-১ গোলে ভারতের তরুণদের হারিয়েছে লাল সবুজের উত্তরসূরিরা। প্রথমার্ধের ২-১ গোলের লিড ধরে রেখেই বাংলাদেশ তুলে নিয়েছে দারুণ জয়। এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ন্যুনতম ব্যবধানে হারানো বাংলাদেশ এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। পাল্টা জবাব দিতে থাকে ভারতের যুবারাও। এদিন ম্যাচের তিনটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। আর তিনটি গোলই করেছে দুদলের ৯ নম্বর জার্সিধারি খেলোয়াড়।
ম্যাচের শুরু থেকেই দারুণ খেলা বাংলাদেশকে ম্যাচের ২৯ মিনিটে লিড এনে দেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা। ইমরান খানের লং বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁপায়ের দারুণ প্লেসিংয়ে দলকে গোল এনে দেন তিনি।
তবে এই লিড ছয় মিনিটের বেশি ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৩৫ মিনিটে সমতায় ফেরে ভারত। মাঝমাঠ থেকে নেওয়া ফ্রি-কিকে হেড করে গোল করেন ভারতের নয় নম্বর জার্সিধারি গুরকিরাত সিং।
তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে ফের এগিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের ফরোয়ার্ডকে নিজেদের ডি-বক্সে বাঁধা দেয় ভারতের এক ডিফেন্ডার। তাতে পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। স্পটকিক থেকে দল ও নিজের দ্বিতীয় গোলটি করেন নোভা।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে নিজেদের লিড ধরে রাখতে কৌশলী ফুটবল খেলে স্মলির শিষ্যরা। ভারতের যুবারা সমতা ফেরাতে আক্রমণের তুবড়ি ছোটালেও বাংলাদেশের খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের গোলপোস্ট রক্ষা করতে সমর্থ হয়। নিজেদের রক্ষণ সামলে মুহুর্মুহু প্রতিআক্রমণ করেছে লাল সবুজের উত্তরসূরিরা।
নির্ধারিত সময় শেষে ম্যাচের শেষ বাঁশি বাজালে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। এই জয়ে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ।
