আন্তর্জাতিক ডেস্ক :
শ্রীলঙ্কার চলমান আর্থিক সংকট সমাধানে ৬০ কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।
রয়টার্স জানায়, এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। একই সঙ্গে চীনের কাছ থেকে নেওয়া ঋণ নবায়ন করতে আলোচনা শুরু করেছে দেশটি। এরপরও আর্থিক সংকট থেকে বাঁচতে গোল্ডেন ভিসা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির যেকোনো ব্যাংকে এক লাখ ডলার রাখলেই মিলবে ১০ বছর থাকার অনুমতি।
মঙ্গলবার শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে রাজধানী কলম্বোর উদ্দেশে ছয় দিনব্যাপী লংমার্চ শুরু করে দেশটির প্রধান বিরোধী দল। চলমান অর্থনৈতিক বিপর্যয়ের জন্য রাজাপক্ষে সরকারকে দায়ী করে প্রতিবাদ জানাতেই এ মার্চ শুরু বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। আগামী ১ মে কলম্বোয় সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই লংমার্চ।
বিরোধীরা যখন সরকারবিরোধী বিক্ষোভ করছে তখন ভয়াবহ আর্থিক সংকট মোকাবিলার চেষ্টা চালাচ্ছে শ্রীলঙ্কা সরকার। বিভিন্ন সংস্থা ও দেশের কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছে দেশটি। এরই মধ্যে, ভারত সহায়তার ঘোষণাও দিয়েছে। মঙ্গলবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, বিশ্বব্যাংকও ৬০ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা দিচ্ছে দেশটিকে।
এদিকে, মন্ত্রিসভার এক মুখপাত্র জানিয়েছে, চীনও শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ নবায়ন করতে রাজি হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে প্রাথমিক আলোচনা। শ্রীলঙ্কাকে প্রায় সাড়ে তিনশ কোটি ডলার ঋণ দিয়েছে চীন।
আর্থিক সংকট সমাধানে বিকল্প ব্যবস্থাও নিচ্ছে রাজাপক্ষে সরকার। গোল্ডেন ভিসা নামের দীর্ঘমেয়াদি ভিসা বিক্রি করার ঘোষণা দিয়েছে দেশটি। বিদেশি যারা শ্রীলঙ্কার কোনো ব্যাংকে অন্তত এক লাখ ডলার জমা রাখবে তাদের আগামী ১০ বছরের জন্য থাকা ও কাজ করার অনুমতি দেওয়া হবে। এ ছাড়াও পাঁচ বছর মেয়াদি ভিসা প্রকল্প চালু করা হচ্ছে বিদেশিদের জন্য। এ স্কিমের আওতায় বিদেশিরা ৭৫ হাজার ডলারের বিনিময়ে দেশটিতে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন।
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকট পার করছে শ্রীলঙ্কা। এরই মধ্যে পাঁচ হাজার কোটি ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়েছে দেশটি।
